শেরপুরে ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. স্বাধীন (১৬) কে গ্রেফতার করে বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে শিশুটির পরিবার। ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশুটির বাবা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা নামাপাড়া গ্রামের হতদরিদ্র দিনমজুর পরিবারের ৫ বছর বয়সী শিশু কন্যাকে একই গ্রামের আউয়াল দপ্তরির ছেলে মাদ্রাসা শিক্ষার্থী মো. স্বাধীন ফুঁসলিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ওইসময় স্বাধীন তাদের ফাঁকা বাড়িতে শিশুকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে স্বাধীন ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে ওই ঘটনায় ২২ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে স্বাধীনকে একমাত্র আসামি করে শেরপুর সদর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। তবে ওই মামলায় এখনও গ্রেফতার হয়নি আসামি স্বাধীন। উল্টো প্রভাবশালী হওয়ায় আসামিপক্ষ থেকে দিনমজুর পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি-ধামকি দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানায় শিশুটির পরিবার।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানায়, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া হুমকির বিষয়ে থানায় জিডি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে শিশুটির পরিবারের অন্যান্য সদস্যসহ শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









