মহান বিজয় দিবসে শেরপুরের শ্রীবরদীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। ১৬ ডিসেম্বর শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ঢল নামে মানুষের।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, শ্রীবরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ভাসানী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
পরে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রীবরদী সরকারি কলেজ, মহিলা কলেজসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে সকাল ৯টার শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউটসহ কেজি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।




