দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার রাতে শহরের পশ্চিম বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে পশ্চিম বাজারের জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইকবাল আহসানের বাসার সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো, আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান, প্রচার সম্পাদক শহিদ জামাল, রাণীশিমুল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা ওলামা পার্টির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আফজাল হোসেন ও খোয়াজ উদ্দিন প্রমুখ।
শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোশাররফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া প্রার্থী জেলা জাতীয় পার্টির সদস্য ইঞ্জিনিয়ার মো, সিরাজুল ইসলামকে পরিবর্তন করে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল আহসানকে দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল আহসান দীর্ঘদিন যাবত জাতীয় পার্টির নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি বিগত উপজেলা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। অথচ তাকে দলীয় মনোনয়ন না দিয়ে ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। তাকে তারা কেউ চিনেন না।
ওইসময় জাতীয় পার্টির শ্রীবরদী পৌর শহর সহ বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।




