প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেরপুরে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপালবাড়ী মন্দির চত্বরে দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদ ওই সিঁদুর খেলার আয়োজন করে।

পরে গোপালবাড়ী পুকুরে বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ওই সময় উলুধ্বনি, ঢাকের বাদ্য, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতিতে সেখানে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে গোপালবাড়ী ও আশপাশের এলাকায় হিন্দু পূন্যার্থী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল লোকের সমাগম হয়। ওই সময় জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার ভানুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলায় এবার ১৫৭টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়।









