‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। ২২ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, জেলার সকল যানবাহন চালক ও শ্রমিকদের সড়ক আইন মেনে যানবাহন চালাতে হবে। সর্তকতার সাথে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা প্রবণতা অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন, সারাদেশে যানবাহন দুর্ঘটনার মধ্যে বেশিরভাগ মোটরসাইকেল দুর্ঘটনায় মানুষ মারা যায়। এদের মধ্যে ১৮ বছরের নিচে অল্প বয়সের ছেলেরা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। চালকরা ঘুম চোখে নিয়ে যাতে তাদের গাড়ি না চালায় সেজন্য সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল কিবরিয়া। তিনি বলেন, গত অর্থ বছরে শেরপুর জেলায় ২৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। ওইসব ঘটনায় নিহত হয়েছে ২৫ জন এবং আহত হয়েছেন ২২ জন। তিনি আরও বলেন, গত অর্থ বছরে শেরপুর বিআরটিএ সার্কেল ২ কোটি ৭৫ লক্ষ টাকা রাজস্ব আয় করেছে এবং এমসি ১৪৪টি, মামলা করেছে ৪৩২টি। বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে ৪ হাজার ২০টি লাইন্সেস প্রদান করেছে, ডিএনপি ৩ হাজার ৬৫৮টি আর চালক প্রশিক্ষণ দেয়া হয়েছে ১৫৬ জনকে। বর্তমান সময়ে বিআরটিএ শেরপুর সার্কেলের কার্যক্রম এবং কাজের পরিধি ও সেবারমান উন্নয়ন সাধন হয়েছে। এক সময় বিআরটিএ কার্যক্রম এবং সেবারমান নিয়ে নানা প্রশ্নবৃদ্ধি ছিল এখন বিআরটিএ সেবা ডিজিটাল পদ্ধতিতে আনার পর সেবা প্রার্থীরা তাদের কাংখিত সেবা পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সাংবাদিক জিএইচ হান্নান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। ওইসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদসহ বিভিন্ন যানবাহন সংগঠনের নেতৃবৃন্দ, চালক, শ্রমিক ও স্কুল কলেজের বিএনসিসি এবং রোভার স্কাউট ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।









