শেরপুরে আদালত মসজিদের সামনে হেযবুত তওহীদ সংগঠনের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। ১৮ অক্টোবর বুধবার দুপুরে ওই হামলার ঘটনা ঘটে। এদিকে ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বুধবার সন্ধ্যায় শহরের চকপাঠকস্থ হেযবুত তওহীদের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংঠনের শেরপুর জেলার সভাপতি মুমিনুর রহমান পান্না। ওইসময় তিনি বলেন, হেযবুত তওহীদের সদস্য শ্রীবরদী উপজেলার চরশিমুলচুড়া গ্রামের রাজু মিয়া দৈনন্দিন কাজের অবসরে মোহাম্মদ বায়েজীদ খান পন্নীর প্রতিষ্ঠিত আন্দোলন হেযবুত তওহীদের প্রচার কাজ চালিয়ে আসছিল। প্রায় এক মাস আগে শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের জামিয়া সুলতানিয়া কওমী মাদ্রাসার প্রিন্সিপাল সুলতান মিয়া, স্বাধীন মিয়া, আরব আলী, লিটন মিয়া, খুনু মিয়া, শেখ ফরিদ, মোশারফ হোসেনসহ আরও ২০/২৫ জন খ্রিষ্টান, কাদিয়ানি অপবাদ দিয়ে রাজু ও অন্যান্য সদস্যদের উপর হামলা চালায় এবং হত্যার হুমকি দেয়। পরে রাজু বাদী হয়ে আদালতে অভিযোগ করলে আদালত আসামিদেরকে ১৮ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। আসামিরা আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় আদালত মসজিদের সামনে রাজুসহ আরও কয়েকজনের উপর হামলা চালায় এবং আবারও প্রাণনাশের হুমকি দেয়। হামলায় আহত রাজুসহ অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দোষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান সংঠনের নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল্লাহ বলেন, ওই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









