বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১৫ অক্টোবর রবিবার সকালে শহরের টাউন হল ভবনের সামনে আয়োজিত ওই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন অধ্যাপক ড. সুধাময় দাস।

জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্ব অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আ.স.ম নয়ন, সদর উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি সোলাইমান আহমেদ, প্রগতিশীল লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি রবীন পারভেজ, বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, সমাজসেবক শামীম হোসেন, শ্রমিক নেতা মো. এরশাদ আলী, কবি শুভজিৎ নিয়োগী প্রমুখ।
জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিরু শামছুন্নাহারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার বেগম, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার ও প্রশাসনের কঠোরতার উপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধন শেষে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।









