জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ নীতি বাস্তবায়নে ব্যাপক জনসচেতনতাসহ সম্মিলিত প্রয়াসের কোন বিকল্প নেই। তিনি মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স কার্যকরে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি তাগিদ আরোপ করেন। তিনি শহরের যানজট নিরসনে সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করে অষ্টমীতলায় স্থাপিত পৌর বাস টার্মিনাল কার্যকর ও রাতের বেলায় দূরপাল্লার গাড়িগুলো রাস্তার উপর না রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সেইসাথে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকায় এবং কিছু ক্ষেত্রে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সফলতায় সন্তোষ প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের সঞ্চালনায় সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আলোকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্গোৎসবে যেন কোন নাশকতার ঘটনা না ঘটে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কোনভাবেই যেন বিনষ্ট না হয়, সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে দায়িত্বশীল সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেন, ব্রহ্মপুত্র ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও খাস জায়গা দখল করে বাজার প্রতিষ্ঠা এবং পাশে থাকা গরুহাটি ইজারা ছাড়া চালানোর অভিযোগ উত্থাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনূস, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, প্রবীণ সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান প্রমুখ।
সভায় অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।









