শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তকে সংবর্ধনা দিয়েছে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ। ২৫ আগস্ট শুক্রবার রাতে শহরের নয়ানী বাজারস্থ জেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ কার্যালয়ে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। একই সাথে অনুষ্ঠানে গাঙচিল শেরপুর জেলা শাখার অর্থ সম্পাদক কাজী মাসুম শেরপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকেও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

জেলা গাঙচিলের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে গাঙচিল কেন্দ্রীয় কমিটির জেলা সমন্বয়ক ও জেলা শাখার উপদেষ্টা প্রবীণ লেখক নূরুল ইসলাম মনি প্রধান অতিথি এবং গাঙচিল উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বিশিষ্ট কবি রোজিনা তাসমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা গাঙচিলের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সাহিত্যানুসন্ধানী, কবি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জ্যোতি পোদ্দার। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নেত্রকোনার কবি ও আবৃত্তিকার মাজহারুল ইসলাম, প্রভাষক ড. আনিসুর রহমান আকন্দ, নাট্যকার আরিফ খান হারুন, গাঙচিল সহ-সভাপতি কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, সাংগঠনিক সম্পাদক কবি হাসান শরাফত, গাঙচিল নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কবি ও সাংবাদিক অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর, শ্রীবরদী উপজেলার আহ্বায়ক কবি ও প্রভাষক আজাদ সরকার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তারিকুল ইসলাম, কবি শফিকুল ইসলাম শ্যামল, কবি খালিদুর রহমান, ছড়াকার নূরুল ইসলাম নাযীফ, জাহিদ হাসান প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠান শেষে উপস্থিত কবি-সাহিত্যকদের নিয়ে জম্পেশ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। ওইসময় ছড়া-কবিতা পাঠ ও নাট্য সংলাপে অংশ নেন অতিথিসহ সংগঠনের কবিরা।









