শেরপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বিপুল মিয়া (২২)কে গ্রেফতার করেছে র্যাব-১৪। ২৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার চাপুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপুল মিয়া শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর ভূইয়ারচরের মো. দুদু মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র্যাব ও মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা নাবালিকা স্কুলছাত্রী বিপুল মিয়ার পাশের গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। স্কুলে যাতায়াতের সময় বিপুল মিয়া প্রতিনিয়ত ওই স্কুলছনত্রীকে ইভটিজিং করতো। গত ২৮ জুলাই স্কুলে যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বিপুল। ওই ঘটনায় দায়ের করা মামলায় বিপুল মিয়া গ্রেফতার হয় এবং গত ৮ আগস্ট জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বিপুল।
পরে গত ১৯ আগস্ট রাতে ওই স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা বিপুল মিয়া তাকে জোরপূর্বক বাশঁঝাড়ে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় বিপুলের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন স্কুলছাত্রীর বাবা।

এ ঘটনার পর থেকে সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পরে র্যাব-১৪’র আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ আগস্ট রাতে গাজীপুর সদরের চাপুলিয়া থেকে প্রধান আসামি বিপুল মিয়াকে গ্রেফতার করে।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান বলেন, ধৃত বিপুল মিয়াকে শুক্রবার শেরপুর সদর থানায় হস্থান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।









