শেরপুরের ঝিনাইগাতীতে ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২২ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল উপজেলা সদরের আব্দুস সামাদের ছেলে। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল গত ১৮ আগস্ট উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামে তার নানার বাড়ি বেড়াতে আসে। ১৯ আগস্ট বিকেলে প্রতিবেশি আব্দুস ছামাদের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া কন্যা ওই বাড়িতে খেলতে আসে। ওইসময় মোশাররফ হোসেনের সহায়তায় ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ফয়সাল। ওইসময় ভিকটিমের পরিবার ঘটনাটি গোপন রাখতে আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করে স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
কিন্তু পরবর্তীতে ঘটনাটি জানাজানি হয়ে গেলে ভিকটিমের পরিবার বিষয়টি থানা পুলিশকে অবহিত করে এবং ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ২ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ মঙ্গলবার রাতেই ফয়সালকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, বুধবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




