জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা মহিলা শ্রমিক লীগের উদ্যোগে র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের নিউমার্কেটস্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

ওইসময় তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে সোনার বাংলা গড়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পাকিস্তানের দালালরা ওই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। তারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। ভাগ্যক্রমে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তারা বেঁচে গিয়েছিলেন। আজ শেখ হাসিনা তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করছেন। তারই হাত ধরে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছে। তিনিই কেবল সোনার বাংলা গড়তে পারেন। বাংলাদেশের উন্নয়ন কেবল নৌকার জয় দিয়েই সম্ভব।
তিনি আরও বলেন, তবে অনেকেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ওই বিএনপি-জামাত আগুন সন্ত্রাসীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে। আমরা শেরপুর জেলা আওয়ামী লীগ পরিবার তথা সারাদেশের আওয়ামী লীগ পরিবার তা প্রতিহত করবে।

জেলা মহিলা শ্রমিকলীগের আহবায়ক ও শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান ভিপি।
জেলা মহিলা শ্রমিকলীগের সদস্য সচিব হালিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা জয়নুদ্দিন মাহমুদ জয়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ নাজমুল হাসান সম্রাট, সদর উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রুমা সাহা, সাধারণ সম্পাদক লতিফা আক্তার লুৎফাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় ৩ শতাধিক মহিলা শ্রমিক লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।









