বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট শনিবার সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি বলেন, শেখ কামাল একজন সরকারপ্রধানের সন্তান হয়েও ছিলেন নিরহংকারী ও সাধাসিধে। মহান মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি ছিলেন আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পথিকৃত। তিনি শহীদ না হলে একদিন বাংলাদেশের ইতিহাস হয়তো ভিন্নভাবে লেখা হতো। তিনি শেখ কামালের দৃষ্টান্ত অনুসরণের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, শোকের মাস এলেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। ওইসময় জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলে শেখ কামালসহ জাতির পিতা ও বঙ্গমাতার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা কালেক্টরেট অঙ্গনে স্থাপিত শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।









