ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। ৫ আগস্ট শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেলিম মিয়ার গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হিরা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ঢাকা থেকে এসে সেলিম মিয়া হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়। অবস্থার অবনতি হয়ে সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ১৮২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে পুরুষ ১৪২ নারী ৩৪ শিশু ৬। নতুন করে গত ২৪ ঘন্টায় ২৭ জন রোগী ভর্তি হয়েছে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছে তিনজন। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জন রোগী মারা গেছে।




