দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতি দমন কমিশন আয়োজিত দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচির আওতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ২৫ জুন রবিবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদ্রাসায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপপরিচালক মো. জিহাদুল ইসলাম ও কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ছালেম।
শ্রীবরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন। বিচারক হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপসহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ, তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল ও বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।

অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও কাকিলাকড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসার সুপার মো. আতাউল্লাহ।
‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ে পক্ষে অংশ গ্রহণ করে কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও বিপক্ষে অংশগ্রহণ করে কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় কাকিলাকুড়া বালিকা দাখিল মাদ্রাসার দল। বিজিত হয় কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দল। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী নুপুর। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ্ব। এ সময় উপস্থিত ছিলেন কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, দেলোয়ার হোসেন এবং ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সুধীবৃন্দ।




