শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল কাম-ট্রেনিং সেন্টারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের চার বছরের বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী স্থায়ী করণের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার পৌরশহরের তারাগঞ্জ আমবাগান মহল্লায় উপজেলা কর্মজীবী মহিলা হোস্টেল কাম-ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচী পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।

নালিতাবাড়ী কর্মজীবী মহিলা হোস্টেল ও কাম-ট্রেনিং সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে পৌরশহরের আমবাগান মহল্লায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ট্রেনিং সেন্টারের জন্য ছয়তলা একটি ভবন নির্মাণ করা হয় ৷ নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবী করে তোলাই ছিল এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ২০১৫ সালে ‘উপজেলা কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ১ জন সহকারী হোস্টেল সুপার,৬ জন প্রশিক্ষক,১ জন হিসাব সহকারীসহ ১৯জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।
এরপর থেকে নার্সারী ও হর্টিকালচার, কৃষি যন্ত্রপাতি মেরামতকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ইলেক্টনিক্স এসেম্বলিং টেকনিশিয়ান, সুয়িং অপারেটর. ইলেকিট্রিশিয়ান ও হাউজ ওয়ারিংসহ ৬টি বিষয়ের উপর এক হাজার ২০ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষিত এই নারীদের মধ্যে ২২৫ জন বিভিন্ন কোম্পানীতে কর্মরত রয়েছেন।

অপরদিকে ২০১৯ সালের জুন মাসে উপজেলা কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। ওইসময় কর্মকর্তা ও কর্মচারীরা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও চাকুরী স্থায়ীকরণের দাবি জানান। কিন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় ও চাকুরী স্থায়ী না করায় ৪ বছর ধরে ১৯ জন কর্মকর্তা ও কর্মচারী ১ কোটি ২৫ লাখ ৭০ হাজার ৪৮০ টাকা বেতন বন্ধ রয়েছে।
পরে ৪ বছর ধরে বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী স্থায়ী করণের দাবীতে আজ বুধবার পৌরশহরের তারাগঞ্জ আমবাগান মহল্লায় উপজেলা কর্মজীবী মহিলা হোস্টেল কাম-ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে কর্মকর্তা কর্মচারীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন।
প্রশিক্ষক সাথি আক্তার বলেন, ৪ বছর ধরে ট্রেনিং সেন্টারে কোন প্রকল্প না থাকায় অযত্নে-অবহেলায় পড়ে আছে সরকারের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও মহিলাদের থাকার বেডসহ আসবাবপত্র। আমাদের বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী স্থায়ীকরণসহ পুনরায় ট্রেনিং সেন্টারের কার্যক্রম চালুর দাবিতে আমরা অবস্থান কর্মসূচী পালন করছি।
সহকারী হোস্টেল সুপার পলি আক্তার বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালকের কাছে এ নিয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। চাকুরী স্থানীয় না করায় বেতন ভাতা বন্ধ থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন পার করছি। আমরা চাই চাকুরী স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধ করা হোক। এছাড়া পুনরায় ট্রেনিং সেন্টারের কার্যক্রম চালু করা হোক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন,অবস্থান কর্মসূচীর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে এলাকার সংসদ সদস্যের সুপারিশসহ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।









