শেরপুরে ডিবি পুলিশের পরিচয়ে ঘুষ দাবির অভিযোগে ৩ যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। ৮ জুন বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হচ্ছে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আক্রাম হোসেনের ছেলে সজিব মিয়া (২০), শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া মহল্লার মো. মন্ডলের ছেলে নাঈম ইসলাম (২১) এবং কসবা শিবোত্তর মহল্লার মো. ইসলাম মুন্সির ছেলে আহনাদ আবিদ রাদ (২০)। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সজিব, নাঈম ও আহনাদ- এ তিন যুবক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে শেরপুর সদর উপজেলার ডুবারচর দক্ষিণপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের বসত বাড়িতে প্রবেশ করে এবং ডিবি পুলিশের পরিচয়ে জানায়, দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। গ্রেপ্তার এড়াতে তাদের ৫০ হাজার টাকা দিতে বলে ওই তিন যুবক। এক পর্যায়ে তাদের কথাবার্তায় সন্দেহ তৈরি হলে দেলোয়ার ও স্থানীয় লোকজন তাদের আটক করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই তিন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীদের আটক করেন। পরে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি, দুইটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, তিনটি মোবাইল জব্দ করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় ৯ জুন শুক্রবার বিকেলে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত পরবর্তী তারিখে রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাদের শেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।









