শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশী হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ১৪। ৯ জুন শুক্রবার ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসাদুজ্জামান ওই এলাকার ফছির উদ্দিনের ছেলে।

র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার র্যাব- ১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আমদানি নিষিদ্ধ বিদেশী হুইস্কি ও বিয়ারসহ আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ওইসময় তার কাছ থেকে ২৪ বোতল বিদেশী হুইস্কি এবং ৪৪ ক্যান বিয়ার উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত হুইস্কি ও বিয়ার এর আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭০ হাজার টাকা। তার বিরুদ্ধে শেরপুর জেলার সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানা গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









