শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হওয়ার প্রায় দেড় মাস পর হেলাল মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৮ মে রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গত ১৪ এপ্রিল বিকেলে উপজেলার ধাতুয়া আড়াইলাকান্দা গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কৃষক হেলাল মিয়ার সাথে এক খন্ড জমি নিয়ে প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মাহফুজুর রহমান মতিন ও আলম মিয়া গংদের বিরোধ চলছিল। গত ১৪ এপ্রিল বিকেলে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে লাঠি-সোঠা নিয়ে হেলাল মিয়ার ওপর হামলা করে। এ সময় লাঠির আঘাতে গুরুতর আহত হন কৃষক হেলাল মিয়া। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তাকে নিজ বাড়িতে নিয়ে এলে রবিবার দুপুরে সে মারা যায়।
এ ব্যাপারে নিহত হেলাল মিয়ার ছেলে রাজু মিয়া বাদী হয়ে ঘটনার দিন মাহফুজুর রহমান মতিন ও আলম মিয়া গংদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। তার মৃত্যুতে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই মামলার বাদী ও নিহতের ছেলে রাজু মিয়া। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের স্বজনরা।

এ ব্যাপারে শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




