জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে শেরপুরের নকলায় শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ মে রবিবার নকলা উপজেলা প্রশাসন ওইসবের আয়োজন করে। সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, থানার পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




