আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে শেরপুরে মামলা হয়েছে। ২৩ মে মঙ্গলবার দুপুরে শেরপুরের সিআর আমলী আদালতে ওই মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

মামলায় আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়েছে। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খান নালিশী অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী।
এদিকে আদালতে মামলা দায়েরের পর মামলার বাদী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু স্থানীয় সাংবাদিকদের জানান, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে বিএনপি। রাজশাহীর বিএনপি নেতা চাঁদের হত্যার হুমকির ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই দলের একজন নেতা হিসেবে বাদী দায়িত্বশীলতার প্রশ্নেই তিনি ওই মামলা দায়ের করেন। একইসাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মামলার অভিযোগে বলা হয়, রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক জনসভায় অজ্ঞাতনামা ২/৩ জনের প্ররোচনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে প্রকাশ্যে হুমকি দেন। যা মানহানি, প্রাণনাশের হুমকিস্বরূপ ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। ওই জঘন্যতম অপরাধের ন্যায় বিচার হওয়া প্রয়োজন।









