শেরপুরের নকলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কৃষক আলী হোসেন (৫০) হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। ২৩ মে মঙ্গলবার সকালে চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারে ওই মানববন্ধন করেন নিহত আলী হোসেনের পরিবার ও এলাকাবাসি।

উল্লেখ্য, চরঅষ্টধর ইউনিয়নের বারারচর গ্রামের সেলিম মিয়া ওরফে কন্টু মাস্টারের এক খন্ড জমি নিয়ে একই ইউনিয়নের পার্শ্ববর্তী চরভাবনা গ্রামের ইদ্রিস আলী ও শওকত হোসেন গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি চাষাবাদ করতেন বর্গাচাষী আলী হোসেন।
৫ মে শুক্রবার সকালে ইদ্রিস আলী তার দলবদল নিয়ে বিরোধপূর্ণ জমির বোরো ধান কাটতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আলী হোসেনসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় আলী হোসেনের স্ত্রী নাসিমা বেগম (৪৫) বাদী হয়ে ১৯ জনকে আসামী করে নকলা থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) সুমন আহমেদ জানান ১৯ জন আসামীর মধ্যে ৩ জন জেলহাজতে এবং ৫ জন উচ্চ আদালতের মাধ্যমে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত আছেন। বাকী আসামিদের গ্রেফতারে জোর পুলিশি অভিযান চলছে।




