চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে পুরোপুরি বিচ্ছেদের কথা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এমনকি ভবিষ্যতে এই জুটিকে সিনেমার পর্দায় বা ব্যক্তিজীবনেও আর একত্রে দেখা যাবে না বলেও জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওইসব কথা বলেন কিং খান।

জানা যায়, ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে শাকিব খানের বিপরীতে অভিষেক ঘটে শবনম বুবলীর। সেই থেকে শুরু, এরপর ৭ বছরে একসঙ্গে জুটি বেঁধে ১২টি সিনেমায় অভিনয় করেন তারা। পর্দার প্রেম রূপ নেয় বাস্তবে, এরপর তা গড়ায় বিয়েতেও। তাদের ঘরে শেহজাদ খান বীর নামে একটি ছেলে সন্তানও রয়েছে।
তাদের পর্দা ও ব্যক্তিগত জীবন মিলেমিশে একাকার হয়ে যাওয়ার পরপরই এই অধ্যায়ের সমাপ্তি টানেন শাকিব। ব্যক্তিজীবনে যে তারা আলাদা থাকছেন সে কথা শাকিব নিজেই জানিয়েছিলেন।

প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের মতো দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীও তার জীবনে অতীত- মাস কয়েক আগে বিভিন্ন সাক্ষাৎকারে এ কথা পরিষ্কার করেই বলেছেন অভিনেতা। এবার জানিয়ে দিলেন, বুবলীর সঙ্গে তিনি আর সিনেমাতেও জুঁটি বাঁধবেন না।
অর্থাৎ ‘লিডার : আমিই বাংলাদেশ’-এর সাফল্যের পর যারা আশায় বুক বেঁধেছিলেন যে, শাকিব-বুবলীকে ফের একসঙ্গে পর্দায় দেখবেন, তাদের রীতিমতো হতাশ করলেন বাংলাদেশি কিং খান।
ওই সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এমনকি চলচ্চিত্রের বাইরেও আমাদের আর কোথাও একসঙ্গে দেখা যাবে না। তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’ শাকিব আরও বলেন, ‘আপনারা যদি ‘লিডার : আমিই বাংলাদেশ’ ছবির ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।’
তবে ঢালিউডের এই শীর্ষ নায়ক এটা পরিষ্কার করে দেন যে, সন্তান শেহজাদ খান বীরের সৌজন্যে হয়তো তাদের একসঙ্গে দেখা যেতে পারে। অর্থাৎ, বীর প্রায়ই তার বাবা এবং দাদা-দাদির সঙ্গে দেখা করতে যায়। সেক্ষেত্রে বুবলীই ছেলেকে সঙ্গে করে নিয়ে আসেন। শাকিব খান জানান, এরকম পরিস্থিতিতে তাদের মাঝেমধ্যে একসঙ্গে দেখা যেতে পারে।
উল্লেখ্য, পেশায় একজন সংবাদ পাঠিকা ছিলেন বুবলী। ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় ওই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা। সবকটা ছবিই পেয়েছে দর্শকপ্রিয়তা।
























