আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘আমরা ধর্ম ভেদাভেদ করে শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা দেই না’। যেসব শিক্ষার্থী পড়ালেখায় ভাল করেছে তাদেরই প্রণোদনা দেই। সে শিক্ষার্থী হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধও হতে পারে। আমাদের কাছে বিবেচনা হল মেধাক্রম। আর এই মেধাক্রমের মধ্যে যে শিক্ষার্থীই থাকবে সেই পাবে এসব প্রণোদনা। ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রনোদনা ও থ্রি-পিস বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রণোদনা বিতরণকালে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার একটি ইউনিয়ন ও নালিতাবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির মেধাক্রমানুসারে ২০জন শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা ও সকল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০জন শিক্ষার্থীর মাঝে থ্রি-পিস বিতরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত সিনথেটিক শাড়ী/থ্রি-পিস সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ৪জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন।

এছাড়াও সকল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি’র টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রথম ১০জন শিক্ষর্থীরের মাঝে আর্থিক প্রণোদনাসহ গরীব ও অসহায়দের মাঝে শাড়ি, ট্রাউজার, টি-শার্ট এবং শার্ট বিতরণ করেন।









