শেরপুর জেলার ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ তিন উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণা দেয়ার পর শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি প্রদান করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ছিল দেশে কোন ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রতিটি গৃহহীন পরিবার জমিসহ মাথা গোজার ঠাঁই হিসেবে ঘর পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব চিন্তা চেতনা থেকে এসব ঘরের মডেল এবং নকশা করেছেন। দেশের এত ভূমিহীন-গৃহহীনদের ঘর দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। পৃথিবীর কোন সরকার এত গৃহহীনকে এক সঙ্গে জমিসহ ঘরবাড়ি করে দেয়ার নজির নেই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. ফখরুল মজিদ খোকন। অন্যান্যের মধ্যে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামিউল হক, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

এদিকে ঝিনাইগাতীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বেজায় খুশি উপকারভোগী হতদরিদ্র মানুষজন। সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়া গ্রামের পারভীন বেগম জানান, আমার বাড়ি ব্রক্ষপুত্র নদীর মধ্যে চলে গেছে। আমি খুব অসহায় ছিলাম। প্রধানমন্ত্রী আমারে ঘর আর জমি দিছে। আমি খুব খুশি অইছি। একই এলাকার আলম মিয়া বলেন, আমার ঘর, জমি সব নদী নিয়ে যাওয়ার পর নদীর পাড়ে ঝুপড়ি বাইন্ধা অনেক কষ্টে থাকতাম। এহন ঘর আর জমি পাইয়া কষ্ট দূর অইলো। আমরা খুব খুশি অইছি। প্রধানমন্ত্রীকে দোয়া করি, তিনি যেন অনেকদিন বাচেন। কামারেরচর গ্রামের আব্দুল মান্নান বলেন, আমরা নদীর পাড়ের মানুষ। একসময় অনেক কিছু ছিল। নদীয়ে সব নিয়ে গেছেগা। এহন খুব অসহায় অবস্থায় আছি। শেখ হাসিনা আমারে ঘর আর জমি দিলো, আমি খুব খুশি অইছি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ৯১৯টি ঘর বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ৭৯৩টি ঘর আজ হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে নালিতাবাড়ীতে ৪৭৫টি, নকলায় ১৫০টি, ঝিনাইগাতীতে ৭৫টি এবং সদর ও শ্রীবরদী উপজেলায় ৯৩টি ঘর হস্তান্তর করা হয়। বাকি ঘরগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। এ নিয়ে চার দফায় শেরপুর জেলায় সর্বমোট ১ হাজার ৮৭০ জনকে ঘর ও জমি প্রদান করা হলো।









