আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, করোনায় বিশ্বের বড় দেশগুলোর লন্ডভন্ড অবস্থা হলেও শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে সামলিয়েছেন। বড় বড় দেশগুলো এখন হিমশিম খাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বহাল রেখেছেন, গতিশীল রেখেছেন। অতিনিন্দুক ছাড়া সকলেই প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করছেন এবং করবেন।

তিনি ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টপ-টেন শিক্ষার্থী ও এবতেদায়ী মাদরাসার ১০ করে শিক্ষার্থীর মাঝে কম্বল বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে মতিয়া চৌধুরী বলেন, অনেকেই দেশের উন্নয়ন ও জনগনের সেবা চোখে দেখতে পারেনা। তাঁদেরকে শুধু বলতে চাই ‘হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ।’ এরা চোখ থাকতেও দেখবে না, কান থাকতেও শুনবে না। এটাই তাঁদের অভ্যাস।

তিনি বলেন, পন্ডিত জহল্লাল নেহেরুর পিতা মতিলাল নেহেরু অনেক আরাম আয়েশে জেল খাটতেন৷ কিন্তু তিনিও কাজের লোক নিয়া জেল খাটতে পারেননি। আমরা জীবনে বহুবার জেল খেটেছি আরোও খাটতে হতে পারে। কিন্তু শুধু দেশে কেনো? পুরো উপমহাদেশে চাকরানীসহ জেল খাটার উদাহরণ নেই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বাধ্য হয়ে দুইজনকে বন্দী রেখেছিলেন। সাজাপ্রাপ্ত আসামী খালেদা জিয়ার সাথে তাঁর পরিচর্যার জন্য কাজের বেটিকেও রাখার সুযোগ দেওয়া হয়েছে। জেলে খালেদা জিয়াকে ফাইভ স্টার হোটেলের সকল সুযোগ সুবিধাই দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী যখন ফাইবার অপটিক ক্যাবল চালু করলেন তখন খালেদা জিয়া পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলেন যে এর মাধ্যমে দেশের সকল তথ্য চুরি হয়ে যাবে৷ কিন্তু তিনিই আজ স্কাইপে ছেলের সাথে কথা বলে এর সুফল ভোগ করছেন।
পরে দিনব্যাপী তিনি উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার ৩০০ অসহায় মানুষ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টপ-টেন শিক্ষার্থী ও এবতেদায়ী মাদরাসার ১০ করে মোট ১ হাজার ৪৮০ শিক্ষার্থীসহ মোট ২ হাজার ৪৮০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
ওইসময় তাঁর সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




