শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের স্মৃতিবিজড়িত সোহাগপুর বিধবাপল্লীর শহীদ জায়া ও শহীদ পরিবারের মাঝে শীতবস্ত্রসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবাপল্লীতে উপজেলা ট্রাক মালিক সমিতির আয়োজনে ওই সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
উপজেলা ট্রাকমালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী ও সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী অসীম দত্ত, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাওসার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নালিতাবাড়ী ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা সদস্য আনোয়ারুল মঞ্জিল।

ওইসময় পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। পরে ৩২ জন বিধবা জায়া ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে একটি করে চাদর, চাল, ডাল, লবণ, তেলসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই শহিদ বেদিতে ফুল দিয়ে পুলিশ প্রশাসন ও ট্রাক-বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।









