ময়মনসিংহে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরি যাওয়া নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণলংকার উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

বিষয়টি গতকাল নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, গত ৯ জানুয়ারি বিকেলে ময়মনসিংহ নগরীর ইটাখোলা রোডে জনৈক মো: আবুল মুনসুর এর বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। জনৈক আবুল মুনসুর সহ তার পরিবারের লোকজন ঘটনার কিছুদিন র্পূব হতেঢাকায় থাকার সুযোগে চোর দিনের বেলায় বাসার মূল গেইট টপকে বাসা ও রুমের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এরূপ সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশনার কোতোয়ালী মডেল থানার একটি টিম চোরাই মালামাল উদ্ধার ও চোরকে গ্রেফতারের জন্য ঘটনার আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা করে চোরকে সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে। ঘটনার সহিত জড়িত চোর মো: মাহফুজুর রহমান তুহিন(২০), কে দ্রুততম সময়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আসামিকে ২ দিনের পুলিশ রিমান্ডে ব্যাপক পুলিশি জিজ্ঞাসাবাদে চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৯ জানুয়ারী চোরাইকৃত মালামালের মধ্য হতে ১ টি স্বর্ণের আংটি, ০১ জোড়া স্বর্ণের বালা, ১ টি স্বর্ণের চেইন ও নগদ পাঁচ লক্ষ টাকা উদ্ধার করেন।

আসামি মো: মাহফুজুর রহমান তুহিন (২০) একজন দুর্ধর্ষ চোর। তার বিরুদ্ধে ইতিপূর্বেও থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানান ওসি শাহ কামাল আকন্দ।




