শেরপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের ৩ নেতা- কর্মীকে ককটেলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে শহরের দিঘারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওইসময় ঘটনাস্থল থেকে ৪টি ককটেলসহ কিছু ভাঙ্গা ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন শহরের দিঘারপাড় এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৬০), সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমড়ি এলাকার মৃত ইদ্রিস আলীর পুত্র হাসেম আলী (৪১) ও বালিয়া এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র মাহমুদুল হাসান মিলন (২৪)। তাদের মধ্যে আনোয়ার হোসেন ও হাসেম জেলা জামায়াতে ইসলামীর সদস্য ও মিলন জেলা ইসলামী ছাত্র শিবিরের সদস্য।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শেরপুর শহরের দিঘারপাড় এলাকায় রাইস মিলের সামনে ওই নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন- এমন গোপন খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরও কয়েকজন। পরে ঘটনাস্থল থেকে ৪টি ককটেলসহ কিছু ভাঙ্গা ইটের টুকরা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।









