শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মো. আব্দুল্লাহ (৪০) নামে এক কৃষক আহত হয়েছেন। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি সীমান্তের পাহাড়ে ওই ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ নওকুচি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত আব্দুল্লাহ’র পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহ রান্নার কাজে লাকড়ি আনতে পাহাড়ে যায়। লাকড়ী সংগ্রহের এক পর্যায়ে বন্যহাতির কবলে পড়েন আব্দুল্লাহ। হাতির আক্রমণে আব্দুল্লাহ গুরুতরভাবে আহত হয়।
পরে বন্যহাতির দল ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় লোকজন আহত আব্দুল্লাহকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।




