সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় শেরপুরে আরও ৬ ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ১১ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ভিক্ষুকদের পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়।

ওইসময় সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান, নৃ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজীব আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, ওই ৬ ভিক্ষুকের মধ্যে জোনাকির স্বামীকে একটি পুরাতন ব্যাটারিচালিত রিক্সা, সোহেলকে মুদির দোকান, জাকিরকে লাকড়ির দোকান, জাহানারাকে কাপড় ফেরি করার ব্যবস্থা, আমেলা বেওয়াকে পিঠার দোকান ও পারভিনকে মুদির দোকান দিয়ে দেওয়া হয়েছে। এতে তারা ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন।

তিনি আরও জানান, নৃ ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসিত ভিক্ষুকদের নিয়মিত মনিটরিং করা হবে এবং তাদের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে।









