এবার চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা পরীমনি। ৩০ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ইঙ্গিত দেন তিনি।

পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’এ বিষয়ে বিস্তারিত জানতে পরীমনিকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠালেও তার জবাব দেননি।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা। সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
























