শেরপুরের শ্রীবরদীতে ভ্যানের চাকার নিচে পড়ে শিখা (৭) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার বিকেলে শ্রীবরদী-কর্ণঝোড়া সড়কের পিরিচপুর গ্রামে রাস্তা পারাপারের সময় ওই ঘটনা ঘটে। নিহত শিখা ওই গ্রামের শাজাহান মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিরিচপুর গ্রামের শাজাহান দিন মজুরি করে। তার ২ কন্যা। শিখা ছোট মেয়ে। সে জন্মের পর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে তার নানার বাড়িতে বেড়ে ওঠে। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাড়ির পাশে কর্ণঝোড়া হতে শ্রীবরদী সড়কের এক পাশ হতে আরেক পাশে যাবার সময় একটি কাঠভর্তি ভ্যানের চাকার চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
নিহত শিখার মা রূপালী বেগম ও নানী মোর্শেদা বেগম জানান, শিশুটি ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন। ঘটনার সময় রাস্তা পার হতে গেলে ওই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শামিম আহমেদ জুয়েল বলেন, ঘটনাটি মর্মান্তিক। তবে পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করেছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীবরদী থানার এসআই সায়েদুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




