শেরপুরের নকলায় কটেজ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে ৫ কোটি ৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৯০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তার মাঝে ওই ঋণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে ১৪ নভেম্বর সোমবার সকালে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে শেরপুরের লীড ব্যাংক উত্তরা ব্যাংক লিমিটেডের উদ্যোগে সুবিধাভোগীদের (ঋণ গ্রহীতা) নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ শাখার উপ-পরিচালক তানভীর আলী ফকির। সোনালী ব্যাংক লিমিটেড, নকলা শাখার ব্যবস্থাপক নাজমুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, জনতা ব্যাংক লিমিটেড নকলা শাখার ব্যবস্থাপক রুকুনুজ্জামান, কৃষি ব্যাংক লিমিটেড নকলা শাখার ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন, কর্মসংস্থান ব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক ছাইফুল ইসলাম, উত্তরা ব্যাংক লিমিটেড শেরপুর শাখার সিনিয়র অফিসার মেহেদী হাসান, ঋণগ্রহীতা আশিকুর রহমান জুয়েল প্রমুখ।

সোনালী ব্যাংক লিমিটেড নকলা শাখার ব্যবস্থাপক নাজমুল হুদা জানান, সিএমএসএমই সরকারের একটি প্রণোদনা প্যাকেজ। এর মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তাদের ৪% সুদে ঋণ দেওয়া হয়। ২০২০-২১ অর্থবছরে প্যাকেজটি চালু হয়েছে। প্যাকেজের আওতায় সোনালী, কৃষি ও জনতা ব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত উপজেলায় ৯০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাকে মোট ৫ কোটি ৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা ও সুবিধাভোগীরা (ঋণ গ্রহীতা) উপস্থিত ছিলেন।




