শ্যামলীর নেতৃত্বে বিশাল শোডাউনে অবাক শহরবাসী
শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা যুব মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ নবেম্বর শনিবার দুপুরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা, সাবেক এমপি অধ্যাপক অপু উকিল।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি, যুগ্ম সম্পাদক খোদেজা নাসরিন এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা যুব মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুবা রহমান শিমু।
সম্মেলনে যুব মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সম্মেলন উপলক্ষে সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর নেতৃত্বে এক বিশাল শোডাউন শহর প্রদক্ষিন করে। এতে অবাক তাকিয়ে রয় শহরবাসী।




