‘বঙ্গবন্ধুর দর্শন, ‘সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জেলা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড যৌথভাবে এ দিবস পালন করে।

এ উপলক্ষে ৫ নভেন্বর শনিবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

পরে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবু বকর সিদ্দিক, (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) মুকতাদিরুল আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. আবুল কাসেম।
পরে বিভিন্ন প্রকল্পের ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।




