শেরপুরের ঝিনাইগাতীতে আগুনে পুড়ে সিএনজিচালিত অটোরিকশা ভস্মিভূত হয়েছে। ১০ অক্টোবর সোমবার দুপুরে ঝিনাইগাতী-শেরপুর সড়কের তেতুলতলা এলাকায় ওই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালক মো. বায়েজিদ সোমবার দুপুর ২ টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে যাত্রী নিয়ে ঝিনাইগাতীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বেলা আড়াইটার দিকে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তেতুলতলা বাজারের কাছাকাছি পৌছালে যান্ত্রিক ত্রুটির কারনে ইঞ্জিনে আগুন ধরে যায়।
ওইসময় সিএনজিতে থাকা চালকসহ যাত্রীরা ছোটাছুটি করে নেমে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ভস্মিভূত হয় সিএনজিটি। খবর পেয়ে ঝিনাইগাতী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সিএনজির ইঞ্জিন ছাড়া পুরো সিএনজিটি অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।




