শেরপুরের ঝিনাইগাতীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. সুমন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। সুমন উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাও গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

জানা যায়, গত দুই মাস পূর্বে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মিস্টার আলীর মেয়ে মিষ্টি আক্তারের সাথে সুমন মিয়ার বিয়ে হয়। গত কয়েকদিন আগে সুমনের স্ত্রী মিষ্টি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসে। গত ৫ অক্টোবর বুধবার সুমন মিয়া তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার দুপুর ২ টার দিকে সুমন মিয়া অন্যান্যদের সাথে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়।
অন্যরা গোসল করে বাড়িতে ফিরলেও সুমন মিয়া না ফেরায় বাড়ির লোকজন সুমন মিয়াকে খুজতে পুকুর পাড়ে যায়। ওইসময় পুকুরের পানিতে সুমন মিয়ার মৃতদেহ ভেসে উঠে। পরে বাড়ির লোকজন সুমন মিয়ার লাশ উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




