শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বঙ্গবন্ধু পার্ক ও পার্শ্ববর্তী সড়কে বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের উদ্যোগে ওই বৃক্ষরোপণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার নিচপাড়া এলাকায় ভোগাই নদীর তীর ঘেঁষে ৩০০ মিটার এলাকা জুড়ে বঙ্গবন্ধু পার্ক নির্মাণ করা হয়। পরে পার্ক সংলগ্ন প্রায় ২ কিলোমিটার সরকারি জায়গা দখল মুক্ত করে উপজেলা প্রশাসন। এবার পার্কের সৌন্দর্য বর্ধনের এবং পার্কের পাশে দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর জন্য প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এতে বিভিন্ন ফুল,ফল,ঔষধীসহ ৬৬ প্রজাতির ২ হাজার ৮০০ গাছের চারা রোপন করা হয়।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মান্নান সোহেল, সিনিয়র সহসভাপতি বিপ্লব দে, নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, শহরের কাছেই মানুষের বিনোদনের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরী করার চেষ্টা করে যাচ্ছি৷ সরকারি অনেক জায়গা দখল মুক্ত করা হয়েছে। পার্কের পাশে একটি পাঠাগার ও সরকারি আরোও প্রায় ১০ একর জায়গা দখলমুক্ত করে একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।









