শেরপুরের নকলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। এ উপলক্ষে ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।
সভায় উপজেলার ২০০ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়। ওইসময় মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, স্মার্ট আইডি কার্ড ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন ধরণের সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন।




