শেরপুরের নকলায় বাপ্পী মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বাপ্পী মিয়া স্থানীয় বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত।

বাবুল মিয়ার চাচাতো ভাই আলীমদ্দিন জানান, বাবুল বাক প্রতিবন্ধী। প্রায় ১০ বছর আগে বাবুলের স্ত্রী বানেছা বেগম বাপ্পী ও তার ৩ বোনকে রেখে সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যায়। সেই থেকে বাপ্পী তার দাদী ফুলবানুর কাছে থাকত। বাবুলের আদম আলী নামে এক সহোদর ভাই রয়েছে।
মঙ্গলবার রাতে পরিবারের সবাই একসাথে রাতের খাবার খাওয়ার পর বাপ্পী নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাঁকে বাড়ির পাশে কাঁঠাল গাছের গাছের ডালে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় স্কুল শিক্ষক রাজীব খান জানান, বাপ্পী টিকটক ভিডিও বানিয়ে ফেইসবুক ও ইউটিউব এ আপলোড করত।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




