শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এবার মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল। তিনি ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাহেলা আক্তারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে এ্যাডভোকেট চন্দন কুমার পালের সাথে দলীয় জনপ্রতিনিধি ও নেতাদের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, নকলা উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জাহান শাপলাসহ অন্যান্য উপজেলা ভাইস-চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান-সদস্যরা উপস্থিত ছিলেন।
একইসাথে এ্যাডভোকেট চন্দন কুমার পাল জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তারের হাতে দায়রা আদালতের পিপির দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে শহরের চকবাজার এলাকাস্থ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা, শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শেরপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। এ নির্বাচনে জেলার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




