শেরপুরের নালিতাবাড়ীতে মশা তাড়াতে জ্বালানো কয়েলের আগুনে পুড়ে মিলন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার আন্দারুপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। মিলন ওই গ্রামের সবুজের স্ত্রী।

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারের মালি (ঝাড়ুদার) বৃদ্ধা মিলন প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ওইসময় মশা তাড়ানোর জন্য তার পায়ের কাছেই কয়েল জ্বালানো ছিল। রাতের প্রথমার্ধের কোন এক সময় কয়েলের আগুন তার বিছানায় লেগে বিছানাপত্র ও পড়নের কাপড়সহ শরীরের নিম্নাংশ পুড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে এ আগুন ঘরের অন্য কোথাও ছড়ায়নি বিধায় কেউ টের পাননি।
এদিকে তার সাথে বসবাসকারী একমাত্র ছেলে বাছিন্দ্র সাংমা বাড়ির কাছেই শান্তির মোড়ে আড্ডা শেষে মধ্যরাতে বাড়ি ফিরে মায়ের এমন করুণ চিত্র দেখতে পান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন বৃদ্ধার আগুনে পুড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিলন এক সময় খ্রীস্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী ছিলেন। তার আগের স্বামী মারা যাওয়ার পর মুসলিম তিনি হন এবং সবুজ নামে একজনকে বিয়ে করেন। পরবর্তীতে সবুজ তাকে ফেলে চলে গেলে তিনি ছেলের সাথে বসবাস করে বারমারী বাজারে মালির কাজ করে সংসার চালাতেন।




