শেরপুর বেপরোয়া গতির বাসচাপায় মজনু মিয়া (৩৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমরী গ্রামের আওয়াল মিয়ার ছেলে। আর আহতরা হচ্ছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাশবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী জুবেদা বেগম, শেরপুর শহরের উত্তর গৌরীপুর মহল্লার মো. মোর্শেদ মিয়ার ছেলে মো. আপন ও জনৈক আব্দুর রব।
জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর জেলার বকশীগঞ্জগামী যমুনা ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ে দাঁড়িয়ে থাকা দুইটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক দু’টি দুমড়ে-মুচড়ে গিয়ে দুই ইজিবাইক চালকসহ ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইজিবাইক চালক মজনুর মৃত্যু হয়। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে এর চালক ও সহকারী কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।









