শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, পেশিশক্তির দাপটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে রেজুলেশন করে আবারও অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন ৯ জন ইউপি সদস্য। ১২ সেপ্টেম্বর সোমবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

লিখিত অনাস্থা প্রস্তাবে বলা হয়, ধলা ইউনিয়ন পরিষদের মেয়াদ প্রায় ৮ মাস পার হলেও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ইউপি সদস্যদের নিয়ে মাসিক সভা করেন না। তিনি একক সিদ্ধান্তে পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। খাদ্যবান্ধব কর্মসূচি, জন্ম নিবন্ধন কার্যক্রম, বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স, ইজিবাইকের ট্যাক্স আদায় করে সরকারি কোষাগারে না রেখে আত্মসাত করেছেন। ৮ মাসেও ইউপি সদস্যদের কোন ধরনের বেতন-ভাতা দেননি। এছাড়া টিআর, কাবিখা, কাবিটার বিভিন্ন প্রকল্পের সভাপতি-সম্পাদককে না জানিয়ে তাদের সাক্ষর জাল করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।
ইউপি সদস্য মো. উজ্জল মিয়া জানান, চেয়ারম্যান সাহেব ক্ষমতা গ্রহণের পর থেকে ওয়ার্ড সদস্যদের কোনো প্রকার পাত্তা না দিয়ে নিজের ইচ্ছামত সবকিছু একাই করে যাচ্ছেন। প্রতিবাদ করলে তিনি বিভিন্নভাবে আমাদের ভয়-ভীতি দেখান। কোন বরাদ্দের বিষয়ে আমাদেরকে অবগত না করে তিনি একাই সিদ্ধান্ত নেন।

আরেক ইউপি সদস্য নিটু মিয়া বলেন, চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি বন্ধে এবং হতদরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অপসারণের দাবিতে আমরা বৈঠক করে রেজুলেশনের মাধ্যমে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছি।
তবে আনীত অভিযোগ অস্বীকার করে ধলা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। মেম্বারদের অনৈতিক আবদার পূরণ করতে না পারায় আমি পরিস্থিতির স্বীকার। এর আগেও তারা একটা অভিযোগ করেছিলেন, সেটি সমাধান হয়ে গেছে। তিনি আরও বলেন, অনাস্থার বিষয়ে অনেক মেম্বার কিছুই জানেন না। কিছু দালাল প্রকৃতির লোক উস্কানি দিয়ে এমনটা করাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, অনাস্থা প্রস্তাবের বিষয়ে একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। তিনি বিষয়গুলো তদন্ত করে দেখবেন। তদন্তে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন ইউপি সদস্যরা।









