শেরপুরের ঝিনাইগাতী থেকে ২ দিন আগে নিখোঁজ হওয়া ব্যাটারিচালিত ইজিবাইকের কিশোর চালক রফিকুল ইসলাম মাট্টুর (১৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী সমশ্চুড়া পাহাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রফিকুল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের মো. জহুরুলের ছেলে। এ নিয়ে জেলায় ২ দিনের ব্যবধানে ২ নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার হল।

জানা গেছে, ইজিবাইক চালক কিশোর রফিক প্রতিদিনের মতো গত ১২ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় গতকাল মঙ্গলবার তার পিতা জহুরুল ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার লোক মাধ্যমে সংবাদ পেয়ে রফিকের ইজিবাইক বাজিতখিলা এলাকায় সন্ধান পান।
এদিকে নিখোঁজ রফিকের স্বজনেরা ঝিনাইগাতী থেকে নালিতাবাড়ীর দিকে পাহাড়ি এলাকায় সন্ধান চালিয়ে আসার এক পর্যায়ে দুপুরে সমশ্চুড়া পাহাড়ের ১০ নম্বর পিলার এলাকায় রফিকের লাশের সন্ধান পান। পরে পুলিশকে খবর দিলে নালিতাবাড়ী থানার এসআই সায়েদুর রহমান ও পোড়াগাঁও ইউনিয়নের বিট কর্মকর্তা এএসআই আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এসআই সায়েদুর রহমান বলেন, ইজিবাইক ছিনতাই করতেই এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল লতিফ বলেন, ওই ঘটনায় নিহত রফিকুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার শ্রীবদীর উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের গলাকাটা-উলুকান্দা এলাকার একটি ডোবা থেকে নিখোঁজ ইজিবাইক চালক মোশারফ হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার জাকির হোসেন বাতাসুর ছেলে মোশারফ হোসেন গত রবিবার রাতে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।




