শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে মোশারফ হোসেন (৪৩) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়ার গলাকাটা-উলুকান্দা ব্রিজ এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোশারফ পার্শ্ববর্তী কুড়িকাহনিয়া এলাকার জাকির হোসেন বাতাসুর ছেলে এবং দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেন রাতের বেলায় ইজিবাইক চালাতেন। প্রতিদিনের ন্যায় ১১ সেপ্টেম্বর রবিবার রাতে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর সোমবার দুপুরে তার মোবাইল নাম্বার থেকে কুড়িকাহনিয়া বাজারের একটি বিকাশের দোকানে অচেনা একটি আইপি ফোন নাম্বার থেকে মুক্তিপণ দাবি করা হয়।
ওই ঘটনার পর তার ছেলে হৃদয় মিয়া শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরো মঙ্গলবার সকালে উপজেলার লংগরপাড়ার গলাকাটা-উলুকান্দা এলাকার একটি ডোবাতে অজ্ঞাত একজনের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধারের পর স্বজনরা শনাক্ত করে এটি মোশারফের লাশ। পরে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।




