শেরপুরে দুই ইজিবাইকের সংঘর্ষে আব্দুল কাদির জিলানী (৫২) নামে এক পল্লী চিকিৎসকের ডান হাত বিচ্ছিন্ন হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শহরের মোবারকপুর বাঁশতলা মহল্লায় ওই ঘটনা ঘটে। জিলানী খড়িয়াকাজিরচর ইউনিয়নের দক্ষিণ খড়িয়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। ওই ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুধবার সকালে তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য উদ্বৃত করে পরিবারের লোকজন জানিয়েছে, বিচ্ছিন্ন হওয়া হাত কোনভাবেই সংযুক্ত করা সম্ভব নয়।
জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে শেরপুর শহর থেকে ঔষধ কিনে ইজিবাইকে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পল্লী চিকিৎসক আব্দুল কাদির জিলানী। ওইসময় শহরের মোবারকপুর মহল্লার বাঁশতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে দ্রুত গতিতে আসা আরেকটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা জিলানীর ডান হাত অপর ইজিবাইকের রডে লেগে কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এছাড়া মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত পান তিনি। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পৌরসভার স্থানীয় কাউন্সিলর মো. বাবুল মিয়া বলেন, পল্লী চিকিৎসক জিলানীর হাত রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাতটি উঠিয়ে ইজিবাইকের ছিটের ওপর রাখে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ইজিবাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় ইজিবাইক দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









