শেরপুরের নকলায় ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পৌরসভার ফেরুষা মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে নকলা ইউনিয়নের ছত্রকোনা গ্রামের নুর ইসলামের পুত্র লিমন মাহমুদ (১৯) ও পৌরসভার ফেরুষা মহল্লার আশরাফ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২)।

বুধবার দুপুরে মাদক আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নকলা পৌর শহরের ফেরুষা মহল্লায় পল্লীবিদ্যুতের জোনাল অফিসের সামনে পাকা রস্তার ওপর থেকে লিমন মাহমুদকে আটক করে তাঁর দেহ তল্লাশী করে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওইসময় তাঁর অপর সহযোগি জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পরে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করে আসছিল। লিমন মাহমুদ জাহাঙ্গীর আলমের কাছ থেকে পাইকারি দামে মাদক ক্রয় করত। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনের মামলাসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




