শেরপুরের নকলায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ ওঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। তাঁর নাম সুরুজ মিয়া (৬৫)। ৭ সেপ্টেম্বর বুধবার ভোরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সুরুজ মিয়া নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত মন্নাছ আলীর পুত্র। তিনি বিবাহিত এবং নি:সন্তান ছিলেন।

জানা যায়, বুধবার ভোররাতে কে বা কারা নকলা উপজেলার নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামের আরজু মিয়ার পুত্র সালেহ মিয়ার (৩৫) খড়ের পাল্লায় আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় সুরুজ মিয়াকে সন্দেহ করে সালেহ মিয়া ও আরজু মিয়া মিলে সুরুজ মিয়াকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী সুরুজ মিয়াকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুরুজ মিয়া মারা যায়।
নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য রুকুনুজ্জামান খান টুটন জানান, সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি কে বা কারা রাতের বেলা এলাকায় বেশ কিছু খড়ের পাল্লা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমারও একটি খড়ের পাল্লা পুড়েছে। এগুলো সুরুজ করেছিল কিনা তা আমার জানা নেই। তবে এমন ঘটনায় সুরুজ মিয়াকে সালেহ মিয়া ও তাঁর পিতা আরজু মিয়া মারধর করেছে শুনেছি।

চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম রব্বানী বলেন, সুরুজ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। আরজু মিয়া ও তার ছেলে সালেহ মিয়া মিলে সুরুজ মিয়াকে পিটিয়ে আহত করার খবর তিনি লোকমুখে শুনেছেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




